বগুড়ায় গ্যাস বন্ধের সিদ্ধান্ত স্থগিত

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় গ্যাস বন্ধের সিদ্ধান্ত স্থগিত
ছবি : সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বগুড়ার জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজ স্থগিত করা হয়েছে। ফলে পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে না। নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার ( ৯ জুলাই) বেলা ১১টার দিকে পিজিসিএলের বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল অফিসের ব্যবস্থাপক রেজাউল করিম এই তথ্য জানান।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট কাজ আপাতত স্থগিত করা হয়েছে। এই কারণে ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

এর আগে বুধবার পিজিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাসেক-২ প্রকল্পের আওতায় বগুড়া অঞ্চলের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের কাজের অংশ হিসেবে বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) এবং পাইপলাইনের বিভিন্ন স্থানে টাই-ইন ও গ্যাস কমিশনিং কাজ করা হবে। এই কারণে ওই সময়জুড়ে পুরো বগুড়া গ্যাস নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।

ওই ঘোষণায় বলা হয়েছিল, শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হবেন।

তবে সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী রক্ষণাবেক্ষণ কাজ স্থগিত হওয়ায় আপাতত গ্যাস সরবরাহ বন্ধ করা হচ্ছে না। পিজিসিএল জানিয়েছে, কাজের নতুন সময়সূচি নির্ধারণ করা হলে তা পরবর্তীতে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।