হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৩১ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৯৬ শিশু।
বুধবার (১৩ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১১ মে সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সদর থেকে ৩ মাসের শিশু ছেলেকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিল। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অপরদিকে গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭টায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ১০ মাসের শিশু ছেলেকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। এই শিশুটিও হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিল। শিশুটি গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টায় মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ১,৩ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৯৩ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২১ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ১৬৬ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক দুজন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে। তবে মার্চের মাঝামাঝি থেকে ভর্তির সংখ্যা বাড়তে থাকে।
তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।