‘সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না’

সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের ক্ষেত্রে ৫১ অনুচ্ছেদ আর কোনো ধরনের আইনি সুরক্ষা প্রদান করে না।
রোববার (২৬ জুলাই) রাতে চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে ‘ন্যায্যতা, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এনসিপি আয়োজিত জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে দাবি করে এনসিপির সদস্যসচিব আরও বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু বিএনপি সেই রায় বাস্তবায়ন করেনি। এ সময় তিনি অভিযোগ তুলে বলেন, বিএনপি সবকিছু স্বদলীয়করণের চেষ্টা করছে; এমনকি নির্বাচন কমিশনকেও দলীয়করণের অপচেষ্টা চালাচ্ছে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
অনুষ্ঠানে স্থানীয় নেতাদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ছোটন ও মো. আলী রুশদী মজনু উপস্থিত ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার সাবেক আহ্বায়ক আসলাম অর্ক এবং মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি নেতা মহিউদ্দিন রনি, ফরিদুল হক ও ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান। এছাড়া জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সাবেক পৌর আমীর নূর ইসলাম, সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দ্দার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলার সাবেক সদস্যসচিব হৃদয়সহ অনেকে।
এর আগে একই দিন (রোববার) ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলা সদরে এনসিপির পরবর্তী পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
.png)





