logo
Advertisement

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন

এশিয়া পোস্ট প্রতিবেদক
চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

সারা দেশে চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলা, লাঞ্ছনা ও নিপীড়নের প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

Advertisement

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় চিকিৎসকদের কর্মকালীন নিরাপত্তা নিশ্চিত করতে তিন দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো—চিকিৎসকদের ওপর সংঘটিত প্রতিটি হামলা ও নিপীড়নের ঘটনায় অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক নিরাপত্তার জন্য কার্যকর ও বাধ্যতামূলক জাতীয় সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং সরকারি-বেসরকারি সব হাসপাতালকে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলে পরিণত করা।

মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা জাতীয় সংকটে চিকিৎসকেরা জীবন বাজি রেখে জনগণের পাশে দাঁড়িয়েছেন। অথচ বারবার তারাই হামলার শিকার হচ্ছেন। অতীতের দুর্নীতি ও চিকিৎসা সামগ্রীর সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে চিকিৎসকদের ওপর হামলা চালাচ্ছে।

ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, বর্তমান সরকারকে বিব্রত করা এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টার প্রতি দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। ভবিষ্যতে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটলে চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত অন্যান্য চিকিৎসক নেতারাও কর্মস্থলে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিভিন্ন স্তরের শতাধিক চিকিৎসক এবং সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।