logo

মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৩০টি ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৩০টি ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ পরিত্যক্ত একটি বাড়ি থেকে আনুমানিক ৩০টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে এসব ককটেল উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প সূত্র জানায়, মোল্লাকান্দি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার তথ্য পাওয়ার পর সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে সেনাবাহিনী তাৎক্ষণিক টহল জোরদার করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এনএসআইসহ যৌথ বাহিনী চরকেওয়ারের বাঘাইকান্দি এলাকায় আক্তার দেওয়ানের একটি পরিত্যক্ত বাসায় তল্লাশি চালায়।

তল্লাশিকালে দুটি বালতিতে রাখা আনুমানিক ৩০টি ককটেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি।

উদ্ধারকৃত ককটেলগুলো আইনগত প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধে তারা নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। পাশাপাশি যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনসাধারণকে সন্দেহজনক কোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।