সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মারা গেছেন

সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, প্রাক্তন ছাত্রনেতা ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু মারা গেছেন।
শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে সাতক্ষীরা শহরের ইটাগাছায় নিজ বাসভবনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সম্মুখসমরে অংশ নেন। পারুলিয়া, আশাশুনি ও পাইকগাছা এলাকায় হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন। শনিবার বিকেল ৪টায় পারুলিয়ায় নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল এ গার্ড অব অনার প্রদান করে।
পরে বিকেল সাড়ে ৫টায় মাঝ পারুলিয়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও সংক্ষিপ্ত বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। জানাজা শেষে মোশারাফ হোসেন মশুর মরদেহ পারুলিয়ার সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। পরে সেখানে তাকে দাফন করা হয়।



