কুড়িগ্রামে গ্রিনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ বাবা-ছেলের

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
কুড়িগ্রামে গ্রিনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ বাবা-ছেলের
অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে গ্রিনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষের খবর পেয়ে অভিযান চালিয়ে অর্ধশত গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সুপারি বাগান থেকে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তাপ ও বৃষ্টি প্রতিরোধী বিশেষ বেষ্টনীর ভেতরে গাছগুলোর পরিচর্যা করা হচ্ছিল। জানা গেছে, ওই এলাকার জামাল উদ্দিন ও তার ছেলে রুবেল হোসেন এই গাঁজা চাষ করেছেন।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বাবা-ছেলে সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতে পালিয়ে যান।

ভুরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার তৈরির উদ্দেশ্যে নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা গাঁজা গাছ ও গ্রিনহাউজের বেষ্টনী জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।