বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে নাকি তাদের রানীমা দেশে আসবে। আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই আপনাদের সাবধান থাকতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমাদের পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাসকূপও খনন করে নাই। আমরা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন করব, যাতে করে আমরা আরও বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাছাড়া জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে আমাদের সকল সেক্টরের বিল্ডিংয়ের ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থা করার কার্যক্রম হাতে নিয়েছি।
তিনি বলেন, আমরা কারও ওপর নির্ভর করতে চাই না। ভারতীয়রা পানিতে মারতে চায়, চীনের সহযোগিতায় শিগগিরই তিস্তায় বাঁধ তৈরি করব, আমরাই তাদের পানিতে ডুবাব।
সাখাওয়াত হোসেন বলেন, দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। সে লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে। নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ওষুধ ও মেশিন আনা হচ্ছে। কেউ দালালের খপ্পরে পড়ে মায়েদের সিজারের দিকে নিয়ে যাবেন না। আগামী শনিবার থেকে পুনরায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। যারা টিকা নেন নাই, সবাই গিয়ে বাচ্চাদের টিকা দেওয়াবেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মনোহরদী সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সহসভাপতি মো. তাজুল ইসলাম, সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মন্ত্রী। এর আগে সকালে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকায় পল্লী বিদ্যুতের একটি অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন তিনি।