সারজিসের কথা কাজে মিল নেই, ভিডিও বার্তা দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলমকে ‘ভণ্ড ও প্রতারক’ আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা এনসিপির ক্রীড়া সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম।
সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় আট মিনিটের একটি ভিডিও বার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ভিডিও বার্তায় ফজলুল করিম টেবিলে রাখা হাতে লেখা একটি কাগজ এবং মোবাইল ফোনে থাকা বিভিন্ন বার্তা দেখিয়ে দলের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ সময় তিনি সারজিস আলমকে ‘ভণ্ড ও প্রতারক’ উল্লেখ করে বলেন, মুখে এক কথা বললেও কাজে তার কোনো প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ ও প্রত্যাশা নিয়ে খেলা হচ্ছে।
তিনি আরও বলেন, নতুন দল ও নতুন আশার কথা বলে মানুষকে ‘মধুর বোতল’ দেখানো হয়েছিল। কিন্তু সেই বোতলের ভেতরে ভরে দেওয়া হয়েছে পুরোনো মদ। জাতি এখন বুঝতে পেরেছে, এটি নতুন কোনো রাজনীতি নয়; বরং পুরোনো রাজনীতিই নতুন মোড়কে ফিরে এসেছে।
ফজলুল করিম জানান, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে বিশ্বাস করে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। ভেবেছিলেন, এ দলে চাঁদাবাজি, দালালি ও প্রতারণার কোনো স্থান থাকবে না। কিন্তু বাস্তবে তার প্রত্যাশার সঙ্গে দলের কার্যক্রমের মিল পাননি। তাই এ ধরনের রাজনীতির সঙ্গে আর থাকতে চান না।
ভিডিও বার্তায় তিনি জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ করেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বলেন, ব্যক্তিকেন্দ্রিক পছন্দ-অপছন্দের ভিত্তিতে কমিটি করা হচ্ছে; সেখানে যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। এ সময় তিনি নিজের মোবাইল ফোনে থাকা কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তাও ক্যামেরার সামনে তুলে ধরেন এবং সেগুলোকে তার অভিযোগের প্রমাণ হিসেবে দাবি করেন।
ভিডিওর শেষ দিকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফজলুল করিম বলেন, আজ থেকে আমি এনসিপির কোনো পদ-পদবিতে নেই। আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
তবে ফজলুল করিমের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
