এবার ইয়াবাসহ গ্রেপ্তার ‘লেডি ডন’ লাইলি

কুমিল্লার দেবিদ্বারে ‘হানিট্র্যাপ’ ও ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলি আক্তারকে (৩৫) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার নিউমার্কেট এলাকার রহমানিয়া সুপার মার্কেটের পেছনে ‘আহসান মঞ্জিল’ নামে একটি ভাড়া বাসায় অভিযান চালি তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার লাইলি আক্তার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, লাইলির বিরুদ্ধে নারী ও মাদক ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং পরে সেগুলো ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি অপরাধচক্রের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, গত ৭ এপ্রিল একই বাসা থেকে একটি পর্নোগ্রাফি মামলায় লাইলি আক্তারকে গ্রেপ্তার করা হয়। ওই সময় একজন শিক্ষককে মারধর ও আটকে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে এবং লাইলিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্তি পান তিনি।
পুলিশের দাবি, জামিনে মুক্ত হওয়ার পর লাইলি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এবার ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
তবে লাইলি আক্তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, ‘আমি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই। আমি ভালো হয়ে গেছি। আমার ছেলে মাদক ব্যবসা করে। ছেলে রাতে ঘুমিয়েছিল। তখন তার বন্ধুরা এসে ইয়াবা চাইলে আমি জানালা দিয়ে ইয়াবা দেওয়ার সময় পুলিশ আমাকে ধরে।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এই নারী অত্যন্ত ধুরন্ধর। জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদকের কারবারে যুক্ত হয়েছেন। তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা করা হয়েছে। আগের পর্নোগ্রাফির মামলাটিও বিচারাধীন। তাঁর চক্রের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


