logo

রেললাইনের রেলিং কাটার সময় আটক ৩

রেললাইনের রেলিং কাটার সময় আটক ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকাশ্যে রেললাইনের রেলিং কাটার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার চর পানিয়া এলাকায় ঢাকা-মাওয়া রেলপথ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল মজুমদারবাড়ী গ্রামের শামসুল হক মজুমদারের ছেলে অহিদুল ইসলাম (২৮), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কইলাটি মোল্লাবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে মো. সোহাগ (২৩) ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চর পানিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে পিকআপ গাড়ির মালিক আফজাল হোসেন (৩৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে চর পানিয়া গ্রামের আরেফিনের বাড়ির সংলগ্ন ঢাকা-মাওয়া রেলপথের নিচের জমিতে কয়েকজন ব্যক্তি রেললাইনের লোহার রেলিংয়ের রড কেটে একটি পিকআপ গাড়িতে তুলছিল। এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে রেলপথের লোহার রেলিংয়ের কয়েকটি রড এবং একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে (পিপিএম) অবহিত করা হলে তার নির্দেশনায় আটক আসামি ও উদ্ধার চোরাই মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হান্নান বলেন, রেলপথের সরকারি সম্পদ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।