খুলনায় মাদক না দেওয়ায় বাড়ি ভাঙচুর, গুলির অভিযোগ

খুলনার খালিশপুরে মাদক না দেওয়াকে কেন্দ্র করে রাজ্জাক তালুকদার নামের এক ব্যক্তির বাড়িতে গুলি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্যাটকাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
রাজ্জাক তালুকদার জানান, সোমবার বিকেল ৫টার দিকে কয়েকজন যুবক তার কাছে মাদক কিনতে আসেন। তিনি মাদক বিক্রি করেন না জানালে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা তার গামছা ধরে টান দেন। পরে তিনি তাদের ধাক্কা দিয়ে আশপাশের লোকজনকে ডাকলে তারা কেটে পড়েন।
রাজ্জাকের অভিযোগ, সন্ধ্যার পর ওই যুবকেরা দলবল নিয়ে এসে তার বাড়ির সামনে গুলি ছোড়েন। হামলাকারীদের মধ্যে বৈকালী এলাকার জাকিরের ছেলে রাকিব ও ভুট্টার নাম উল্লেখ করে তিনি জানান, হামলাকারীরা তাকে খুঁজতে বাড়িতে আসেন। তবে তাকে না পেয়ে ঘরে ভাঙচুর চালান এবং বাইর থেকে গুলি ছুড়ে কেটে পড়েন।
প্রতিবেশী এক নারী জানান, হামলাকারীরা তার ঘরে ঢুকেও রাজ্জাক ও তার ছেলের বউয়ের খোঁজ করেন। তাদের না পেয়ে ঘরের ফ্রিজ ও বেড়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলাকারীরা রাস্তা থেকে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে রাজ্জাকের বাড়ির দিকে এগিয়ে আসেন। পরে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলেও জানান তারা।
ঘটনার খবর পেয়ে খালিশপুর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, প্যাটকাবাজারে মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, রাজ্জাক একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য রয়েছে। তবে বর্তমানে তিনি এ ব্যবসার সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন। গুলির ঘটনাটি বাড়ির বাইরে ঘটেছে।
