logo

কিনলেন খাসি পেলেন ছাগী

কিনলেন খাসি পেলেন ছাগী
ছবি: ভিডিও থেকে নেওয়া

রংপুরের তারাগঞ্জ কোরবানির হাটে দালালের খপ্পরে পড়ে খাসির বদলে ছাগী কিনে প্রতারিত হয়েছেন এক ক্রেতা।

সোমবার (২৫ মে) বিকালে তারাগঞ্জ হাটের এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরালের পর চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

ভুক্তভোগী ক্রেতা জয়নাল আবেদীন জানান, তারাগঞ্জ হাটে ছাগল কিনতে আসলে এক দালাল বলে এটা খুব ভালো খাসি। পরে তার কথামতো সিরাজুল নামে এক লোকের কাছে থেকে ১০ হাজার ৫০০ টাকায় কোরবানির জন্য একটি খাসি ক্রয় করি। খাসির টাকা পরিশোধ করে মেমো নিয়ে বাজারের এক পাশে দাঁড়িয়ে দেখি এটা খাসি নয় ছাগী।

তারাগঞ্জ হাটের ইজারাদার রাশেদুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, খাসির বদলে ছাগী কিনে আমি নিজেও গত বছর বিড়ম্বনায় পড়েছিলাম। সোমবারের ঘটনার ভিডিওটা দেখেছি। হাটে লাখ লাখ লোকজন। তারপরেও এ ধরনের প্রতারণা ঠেকাতে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমাদের মনিটরিং টিম কাজ করছে। এ ধরনের প্রতারণা ঠেকাতে ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মোনাব্বর হোসেন এশিয়া পোস্টকে জানান, প্রতারণাসহ যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে গোয়েন্দা সংস্থাসহ পুলিশ প্রশাসন মাঠে তৎপর রয়েছে। ভুক্তভোগী ক্রেতা এ বিষয়ে দায়িত্বরত পুলিশকে জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হতো। এ ছাড়াও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পশুর হাটগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।