Advertisement

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ, সেই ভূমি কর্মকর্তাকে বদলি

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ, সেই ভূমি কর্মকর্তাকে বদলি
ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা জি এম সারোয়ারকে বদলি করা হয়েছে। সেবা দেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি মৌখিকভাবে সতর্ক করা হয়। পরে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

নগরকান্দা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা জি এম সারোয়ারের বিরুদ্ধে সোমবার (২৭ জুলাই) অফিস চলাকালে এক সেবাগ্রহীতার কাছ থেকে অর্থ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেবা দেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জি এম সারোয়ারকে ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানেই দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস বলেন, নগরকান্দা উপজেলা প্রশাসনের সুপারিশের ভিত্তিতে ঘুষ গ্রহণের অভিযোগে জি এম সারোয়ারকে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে সরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, সোমবার (২৭ জুলাই) এশিয়া পোস্টে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং মৌখিকভাবে সতর্ক করা হয়।

বিষয় :ফরিদপুর