ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে ১০ বছর বয়সী এক শিশুকে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করেছে। এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর নাটকঘর লেন এলাকা থেকে অভিযুক্ত কাজল চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার কাজল চক্রবর্তী ওই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে।
পুলিশ ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত কাজল চক্রবর্তী গত ১০ ফেব্রুয়ারি বিকেলে শিশুটিকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে শিশুটি বাসায় ফিরে পরিবারকে জানালে অভিযুক্তের পরিবারকে বিষয়টি জানানো হয়। তখন তারা বিষয়টি অস্বীকার করে শিশুর পরিবারকে ভয়ভীতি দেখায়। এর মধ্যে অসুস্থ হয়ে পড়া শিশুটিকে গতকাল শনিবার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ, শিশুটির পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে কাজল চক্রবর্তী শিশুটিকে বিভিন্ন কথা বলে তার বসতঘরে নিয়ে যান। বাড়িতে ওই সময় অন্য কেউ না থাকার সুযোগে তিনি ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তবে কাজল ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে শিশুর পরিবারকে ভয়ভীতি দেখায়। এর মধ্যে অসুস্থ হয়ে পড়া শিশুটিকে গতকাল শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসি) চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির বাবা বলেন, কাজল চক্রবর্তীকে আমার মেয়ে দাদা বলে ডাকে। আমাদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল তার। আমার মেয়েকে তার বাসায় মাঝেমধ্যেই ডেকে নিয়ে যেতেন। কিন্তু এ ধরনের কাজ করবেন, আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমার মেয়ে এখন হাসপাতালে ভর্তি। আমি অপরাধীর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, শিশুটিকে ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।