logo
Advertisement

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে হত্যা
মুরাদনগর থানা। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দড়ানিপাড়া এলাকার জসিম উদ্দিনের মেয়ে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা আক্তার (৭০) এবং তার ভাই বাচ্চু মিয়ার ছেলে মঞ্জুরুল আলম টিটু (৩৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তির হিস্যা নিয়ে খালেদা আক্তারের সঙ্গে তার ভাই আবু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার বিকেলে খালেদা বাবার বাড়িতে গিয়ে ভাই আবু মিয়ার কাছে সম্পত্তির পাওনা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবু মিয়া ধারালো অস্ত্র দিয়ে বোন খালেদা আক্তারকে কোপাতে থাকেন। এ সময় ফুফুকে রক্ষা করতে মঞ্জুরুল আলম টিটু এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় দুজনকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত টিটুর স্ত্রীর বড় বোন হাজেরা আক্তার জানান, আবু মিয়া যখন তার বোনকে কোপাচ্ছিলেন, তখন টিটু উদ্ধার করতে এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়। এতে দুজনেরই মৃত্যু হয়।

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এশিয়া পোস্টকে জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত আবু মিয়া গৌরীপুর অ্যাপোলো হাসপাতালে চাকরি করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আবু মিয়া পলাতক রয়েছেন; তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।