logo
Advertisement

ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ভোলা
ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮
ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ ব্যক্তি। ছবি : এশিয়া পোস্ট

ভোলায় তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোটসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সবাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটকরা হলেন—বরিশালের বাকেরগঞ্জের পশ্চিম জিরাইল এলাকার মো. আবুল বাসার (৩৯), ভেলুমিয়া ইউনিয়নের চর গাজী এলাকার মো. ইসমাইল (৩১), কুঞ্জপট্টি এলাকার মো. সিদ্দিক হাওলাদার (৩০), চন্দ্রপ্রসাদ এলাকার মো. তারেক রহমান (২২), কুঞ্জপট্টি এলাকার মো. আরিফ হাওলাদার (৩০), দুলারহাটের আহমেদপুর এলাকার মো. আলমগীর (৫৮), পশ্চিম ইলিশার পাঙ্গাশিয়া বাগারহাট এলাকার মো. হাসান হাওলাদার (২৫) এবং দক্ষিণ আইচা থানার চর মানিকার নতুন বাজার এলাকার মো. রাজিব হাওলাদার (১৯)।

তিনি বলেন, শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেইস ভোলা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোটসহ আটজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোট বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, নদীভাঙন, ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বালুখেকোদের বিরুদ্ধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় :