Advertisement
ক্ষমতায় থাকা যে কোনো দল বা ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে

ক্ষমতাধর হলেও অনিয়ম করলে সমালোচনা করা হবে: সারজিস

এশিয়া পোস্ট নিউজ
ক্ষমতাধর হলেও অনিয়ম করলে সমালোচনা করা হবে: সারজিস
সমাবেশে কথা বলছেন সারজিস আলম। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ক্ষমতায় থাকা যে কোনো দল বা ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে তিনি কথা বলেই যাবেন। প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা সংসদ সদস্য যে-ই হোন না কেন, তার কোনো কাজ সমালোচনার যোগ্য হলে ক্ষমতাধর হলেও তার সমালোচনা করা হবে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রশাসনিক নিয়োগে দলীয়করণ হচ্ছে উল্লেখ করে সারজিস আলম বলেন, এটি চলতে থাকলে এর মাশুল দিতে হবে সাধারণ মানুষকেও। স্থানীয় পর্যায়ে কোনো দলীয় নেতা প্রশাসনে দলীয়করণের বিষয়ে নীরব থাকলে সরকারি নিয়োগে মেধাবীদের বদলে অযোগ্য প্রার্থীরা টাকার বিনিময়ে সুযোগ পেয়ে যান।

তিনি বলেন, যদি সিস্টেমটা নষ্ট হয়ে যায়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মান যদি ধ্বংস হয়ে যায়, আপনি বিএনপি করলেও আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। সিস্টেম নষ্ট হয়ে গেলে কেউ ছাড় পাবেন না।

বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, বিএনপির মধ্যে ক্ষমতার অপব্যবহারকারী অংশের বিরুদ্ধে তারেক রহমান ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধেও সমালোচনা করা হবে।

তিনি বলেন, এই ধরনের লুটেরা মাফিয়াদের থেকে তারেক রহমান যদি বিএনপিকে বাঁচাতে না পারেন অথবা তাদের শেল্টার দেন, তাহলে তার বিরুদ্ধে কথা বলতেও আমরা এক চুল ছাড় দেব না।

তিনি আরও বলেন, আমাদের আগামী লড়াইটা দলীয় লড়াই নয়। এটা বিএনপি-এনসিপি-জামায়াতের লড়াই নয়। এই লড়াই ভালো ও মন্দের মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে।

বিএনপিকে যৌক্তিক সমালোচনা গ্রহণের আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, আমরা ভুল করতে করতে শিখছি। আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দেবেন। আমরা সেগুলো সংশোধন করে সামনে এগিয়ে যাব।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ অন্যরা।

বিষয় :সিলেট