গৃহকর্মীর কাছে শিশুকে রেখে কাজে গিয়েছিলেন মা, এক মাস পর উদ্ধার

আশুলিয়ায় নিজ বাসা থেকে অপহরণের প্রায় এক মাস পর দুই বছরের শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত গৃহকর্মী বেলী বেগমকে (৩৫) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এসআরবি-৪ এর সিপিসি-২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে
এসআরবি সূত্রে জানা যায়, শিশুটির মা আশুলিয়ার পলাশবাড়ী বটতলা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। কারখানায় কাজের সময় শিশুটিকে দেখাশোনার জন্য গত ১ সেপ্টেম্বর বেলী বেগমকে গৃহকর্মী হিসেবে কাজে রাখা হয়। গত ৮ সেপ্টেম্বর দুপুরে শিশুটির মা কারখানায় যাওয়ার সময় বেলী বেগমের কাছে দিয়ে যান। কিন্তু রাতে কাজ শেষে ফিরে এসে পরিবারের সদস্যরা দেখেন, শিশু ও গৃহকর্মী বেলী দুজনই বাসা থেকে নিখোঁজ। পরে আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

ঘটনার পর এসআরবি-৪ ও এসআরবি-১৪-এর যৌথ উদ্যোগে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সোমবার (১২ অক্টোবর) রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন খালপাকুটিয়া দেওলাবড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অপহরণের অভিযোগে বেলী বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, অপহৃত শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
এসআরবি-৪ এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার এমএম রেজাউল হক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামি বেলী বেগম পূর্বপরিকল্পিতভাবে গত ১ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাসার কাছেই ঘর ভাড়া নেন এবং ৮ সেপ্টেম্বর সুযোগ বুঝে শিশুটিকে অপহরণ করে পালিয়ে যান। তার দেওয়া তথ্য ও পরিচয় যাচাই করে জানা যায়, তিনি কৌশলে ভুয়া পরিচয় ব্যবহার করে আসছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার তৃতীয় স্বামীর বর্তমান ঠিকানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা শিশুটিকে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করেছে এসআরবি। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।