এক বছর পর ফিরে গেলেন পুশইনের শিকার ৪ ভারতীয়

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার হয়ে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে আটক হওয়া শিশুসহ চার ভারতীয় নাগরিক অবশেষে দেশে ফিরে গেছেন।
বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করেন।
ফেরত যাওয়া ভারতীয় নাগরিকেরা হলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি, তার দুই ছেলে কুরবান শেখ ও ইমাম দেওয়ান এবং দানিশ শেখ।
এর আগে, একই সময়ে আটক হওয়া অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার আট বছরের সন্তানকে মানবিক বিবেচনায় গত বছরের ৫ ডিসেম্বর ভারতে পাঠানো হয়েছিল।
পুলিশ ও ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বিএসএফ গত বছর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই ছয়জনকে বাংলাদেশে পুশইন করে। ওই বছরের ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে অন্তঃসত্ত্বা সোনালী বিবিসহ ছয়জনকে আটক করে পুলিশ এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বিষয়টি গণমাধ্যমে আসার পর উভয় দেশের কূটনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা ও মানবিক বিবেচনায় গত বছরের ডিসেম্বরে সোনালী বিবি ও তার সন্তানকে দ্রুত ভারতে পাঠানো সম্ভব হলেও চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা বিচারাধীন থাকায় বাকি চারজন আটকে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পাসের মাধ্যমে আজ তাদের ফেরত পাঠানো হয়।
সোনামসজিদ ইমিগ্রেশনের ইনচার্জ জামিরুল ইসলাম জানান, বিকেলে ট্রাভেল পাসের মাধ্যমে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষে চার ভারতীয় নাগরিককে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের গ্রহণ করেছে।
এ সময় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





