logo
Advertisement

আ.লীগকে খুশি করতে ১৭ বছর পুলিশ অত্যাচারী ছিল: স্পিকার হাফিজ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
লালমোহন, ভোলা
আ.লীগকে খুশি করতে ১৭ বছর পুলিশ অত্যাচারী ছিল: স্পিকার হাফিজ
ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : এশিয়া পোস্ট

আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের শাসনামলে পুলিশ অত্যাচার-নিপীড়ন চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে খুশি করতে এবং নিজেদের অর্থ উপার্জনের জন্য পুলিশ এসব করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে ৬৮৭ পুলিশ কর্মকর্তা। গত ১৭ বছর পুলিশ অত্যাচারী ছিল। সারা বাংলাদেশে তারা কী অত্যাচার-নিপীড়ন করেছে, তা আপনারা জানেন। আওয়ামী লীগ সরকারকে খুশি করার জন্য এবং নিজেদের দুই পয়সা বানানোর জন্য তারা এসব করেছে।

আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের শাসনামলে বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশের বিচারপতি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও পালিয়েছেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, কিছুদিন আগে আপনারা আইজিপি বেনজীর আহমেদের কাহিনি দেখেছেন। সে কত বড় চোর। বাংলাদেশের জায়গা-জমির একটা বিরাট অংশ সে নিজের স্ত্রী, পুত্র ও কন্যার নামে লিখে নিয়েছে। বনাঞ্চল নিজের দখলে নিয়ে নিয়েছে। কত যে বাড়িঘর তার আছে, তার কোনো সীমা নেই।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের ‘দুঃশাসনে’ দেশে মাদক ছড়িয়েছে। তার দাবি, আগে দেশে মাদক, দখলবাজি ও চাঁদাবাজি ছিল না।

পবিত্র ধর্মগ্রন্থে সীমালঙ্ঘন না করার কথা বলা হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, সীমালঙ্ঘনকারীর শাস্তি ভয়াবহ। তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা সীমালঙ্ঘন করেছেন। তাদের কেউ ধরা পড়েছেন, আবার কেউ পালিয়ে গেছেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যারা পালিয়ে যেতে পেরেছেন, তারা মনে করছেন এভাবেই জীবন কাটিয়ে দেবেন। কিন্তু ইহকাল ও পরকাল—উভয় জায়গাতেই তাদের শাস্তি রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।