logo
Advertisement

নারীকে লাঞ্ছনার ভাইরাল ভিডিও নিয়ে ভোক্তা অধিদপ্তরের ব্যাখ্যা

এশিয়া পোস্ট নিউজ,রাজবাড়ী
নারীকে লাঞ্ছনার ভাইরাল ভিডিও নিয়ে ভোক্তা অধিদপ্তরের ব্যাখ্যা
রাজবাড়ীতে পুলিশের উপস্থিতিতে নারীকে লাঞ্ছনা ও ভোক্তা অধিদপ্তরের লোগো। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

রাজবাড়ী শহরের কাপড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতে লাথি ও ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান হিসেবে প্রচার করা হলেও এর সঙ্গে অধিদপ্তরের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে সংস্থাটি।

Advertisement

রোববার (৩০ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এবং ৩০ আগস্ট কালুখালী উপজেলার মৃগী বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন ভোক্তা-অধিকারবিরোধী কার্যক্রমের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী জরিমানা করা হয়। তবে রাজবাড়ী সদর উপজেলার কাপড় বাজারের আস্থা বস্ত্রালয়কে কেন্দ্র করে যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয় বা অধিদপ্তর পরিচালিত কোনো অভিযানের সম্পর্ক নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ভিডিওতে থাকা নারী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ বিষয়ে কোনো অভিযোগও করেননি বলে জানানো হয়েছে।

অধিদপ্তর বলেছে, ঘটনাটিকে তাদের অভিযান হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপপ্রচার। এ ধরনের তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের কার্যক্রম ও অভিযান সম্পর্কে সঠিক তথ্য জানতে অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

এদিকে মূল ঘটনাটি ঘটে শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে এক নারী পুলিশ সদস্য জাকিয়া সুলতানাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। এ সময় পেছনে থাকা এক যুবক তাকে লাথি দেন। পরে আরও একজন যুবক তাকে লাথি এবং আরেকজন ধাক্কা দেন।

জাকিয়া সুলতানা ‘আস্থা পোশাক শিল্প’ নামের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিক। এক কর্মচারীকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। জাকিয়ার দাবি, তার প্রতিষ্ঠানের এক কর্মচারী অন্য একটি দোকানে কাজ শুরু করার পর থেকেই বিরোধের সূত্রপাত। পরে তাকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং তিনি হামলার শিকার হন।

অন্যদিকে, জাকিয়ার অভিযোগের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ। তিনি বলেন, ওই নারী কয়েকশ মানুষ নিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা করেছেন। পরে ব্যবসায়ীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শাসমুল হক বলেন, কাপড় বাজারের ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

পুলিশের উপস্থিতিতে নারীকে লাঞ্ছিত করার ভিডিও সম্পর্কে তিনি বলেন, পুলিশ তখনও ভিডিওটি দেখেনি। ভুক্তভোগী নারী অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :