logo

জেলেদের জালে উঠে এলো ২ বস্তা সরকারি ওষুধ

জেলেদের জালে উঠে এলো ২ বস্তা সরকারি ওষুধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে স্থানীয় জেলেদের জালে বস্তা দুটি ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ব্রহ্মপুত্র নদে স্থানীয় জেলেরা মাছ ধরছিলেন। জাল টেনে তোলার সময় মুখ বাঁধা দুটি বড় পাটের বস্তা দেখতে পান। বস্তায় মরদেহ থাকতে পারে—এমন আশঙ্কায় থানায় খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলোর মুখ খুলে দেখে—ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। এরপর বস্তাভর্তি ওষুধ থানায় নিয়ে যায় পুলিশ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ওষুধগুলো ২০২৩ সালের। সে সময় কেউ হয়তো বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। বস্তায় ভরা থাকায় এবং ওষুধের প্যাকেট সহজে নষ্ট না হওয়ায় সেগুলো নদীর তলদেশে এতদিন রয়ে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যে বা যারা ওষুধগুলো নদে ফেলেছে, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।