logo
Advertisement

টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৬ জন উদ্ধার

টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৬ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের সময় উদ্ধার হওয়া ব্যক্তিরা। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ ১৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা এবং ১৪ জন বাংলাদেশি নাগরিক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মোহাম্মদ সাঈদ।

এসআই মোহাম্মদ সাঈদ জানান, টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে কচ্ছপিয়া এলাকায় কয়েকজন নারী-পুরুষকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে জড়ো করার গোপন সংবাদ পায় পুলিশ।

সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—তাদের মধ্যে দুজন রোহিঙ্গা ও ১৪ জন বাংলাদেশি নাগরিক। জিজ্ঞাসাবাদ চালিয়ে পাচারকারী চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে উদ্ধারকৃতদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।