logo

মিয়ানমারে পাচারকালে ৩৯৫ লিটার অকটেন জব্দ

মিয়ানমারে পাচারকালে ৩৯৫ লিটার অকটেন জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য মজুত রাখা ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বিজিবি।

শনিবার (১১ এপ্রিল) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি সীমান্তে পৃথক এ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। তবে অভিযানে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির জানান, শনিবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি নামক এলাকায় মিয়ানমারে পাচারের জন্য একটি গোপন আস্তানায় জ্বালানি তেল মজুত রাখার খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। মজুত রাখা ৩৯৫ লিটার অকটেন জব্দ করা গেলেও পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

এদিকে শনিবার সকালে সোনাইছড়ি ইউনিয়নের টাইমবাজার এলাকায় একটি ঝুপড়িঘরে পাচারের জন্য রাখা ২০ বস্তা ইউরিয়া সার ও ৪ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে।

লে. কর্নেল ফয়জুল কবির জানান, বিজিবি সীমান্ত এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত, পাচার, কালোবাজারি এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।