জুলাই থেকে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর বাধ্যতামূলক

টাকা ট্রান্সফারের মাধ্যমে আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করছে সরকার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শনিবার (১৬ মে) সকালে মুদ্রানীতি প্রণয়নসংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
মোস্তাকুর রহমান বলেন, ক্যাশলেস বাংলাদেশ তৈরির জন্য সরকারের পরিকল্পনার অংশ হিসাবে আগামী জুনের মধ্যে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। ক্যাশলেস বাংলাদেশ তৈরিতে আমরা যে প্ল্যান করেছি সেটাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এতে আমাদের অনেকগুলো লাভ হবে।
তিনি আরও বলেন, আমাদের রেভিনিউ কালেকশন, আমাদের ম্যানেজমেন্ট সবকিছু সহজ করবে। আপনারা জানেন প্রতিবছর আমাদেরও কাগজের নোট ছাপাতে ২০ হাজার কোটি টাকা খরচ হয়। এটি যদি অর্ধেকও নামিয়ে আনা যায়, তাহলে অন্তত ১০ হাজার কোটি টাকা সেভ করা সম্ভব হবে। এ ছাড়া কৃষক ঋণ ও পাঁচ ব্যাংককে একীভূত করার বিষয়ে কথা বলেন তিনি।
খুলনার ‘দ্য গ্র্যান্ড প্লাসিড’ হোটেলে সকাল ১০টায় বিশেষ এই মতবিনিময় সভা শুরু হয়। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে খুলনার ব্যবসায়ী, অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। তারা খুলনার প্রেক্ষাপটে কৃষক ঋণ, কৃষকের ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং সঠিক দাম প্রাপ্তিতে নানান প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বিভিন্ন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে মুদ্রানীতিবিষয়ক উপস্থপনা করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের।
