৫০০ শয্যার হাসপাতালে ৮০০ রোগী, চিকিৎসক ও যন্ত্রপাতি সংকট

৫০০ শয্যার বিপরীতে ভর্তি ৭৯৫ রোগী। চক্ষু, অর্থোপেডিক, ফরেনসিক ও রেডিওলজি বিভাগে নেই চিকিৎসক। ১২টি মর্গ ফ্রিজারের মধ্যে সচল মাত্র একটি, আর ৪০টি এসি কেবিনের অর্ধেকের এসিই নষ্ট। এমন নানা সংকটের মধ্যেই চলছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) হাসপাতাল আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার ৫০০ শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৭৯৫ জন রোগী। এর মধ্যে মেডিসিনে ২৭৬, শিশু বিভাগে ১৬১, সার্জারিতে ১১০, কার্ডিওলজি ও সিসিইউতে ৬৩, গাইনিতে ৬২, কেবিনে ৫২, অর্থো-সার্জারিতে ৪৯ এবং ইএনটিতে ২২ জন চিকিৎসাধীন ছিলেন।
পরিচালক বলেন, রোগীর চাপ সামলানোর পাশাপাশি জনবল ও যন্ত্রপাতির ঘাটতিও বড় চ্যালেঞ্জ। অনুমোদিত ৭৪৫ পদের বিপরীতে কর্মরত আছেন ৬৩৮ জন। শূন্য রয়েছে ১০৭টি পদ। শূন্য পদ পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
ডায়ালাইসিস ইউনিটেও রয়েছে তীব্র সংকট। ছয়টি মেশিন দিয়ে তিন শিফটে সেবা দেওয়া হচ্ছে, অথচ প্রায় ২০০ রোগী অপেক্ষমাণ। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, কার্যকর সেবা নিশ্চিত করতে অন্তত ২০টি ডায়ালাইসিস মেশিন প্রয়োজন।
মর্গের অবস্থাও নাজুক। ১২টি ফ্রিজারের মধ্যে ১১টি নষ্ট থাকায় অতিরিক্ত মরদেহ সংরক্ষণ করা যায় না। ফলে অনেক ক্ষেত্রে মরদেহ পচে যাওয়ায় ময়নাতদন্তে জটিলতা তৈরি হয় বলে জানায় কর্তৃপক্ষ।
এ ছাড়া ৪০টি এসি কেবিনের ২০টির এসি বিকল। রোগীরা ১ হাজার ১০০ টাকা ভাড়া দিয়েও প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ২৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩৯ জন, হামেও মৃত্যুর ঘটনা ঘটেনি।
অনুষ্ঠানে হাসপাতালটিকে অটোমেশনের আওতায় আনা, ক্যাথল্যাব, এমআরআইসহ প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ, জনবল বৃদ্ধি, স্থায়ী পুলিশ ক্যাম্প ও ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান, উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. আতিকুল সারোয়ার, ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মীর নুর উস সাদসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

