বিশ্বকাপ ফাইনালের রাতে কোটালীপাড়ায় ৮ হাজার মানুষের ভোজ

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রিয় দলের জয় কামনায় গরু জবাই করে হাজারো মানুষের জন্য ভূরিভোজের আয়োজন করেছেন সমর্থকেরা। বড় পর্দায় খেলা দেখা, রকমারি পতাকা, জার্সি আর ভোজ—সব মিলিয়ে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
রোববার (১৯ জুলাই) কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে স্থানীয় ‘কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। সকাল থেকেই পবনাপাড় ও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক ক্লাব প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। এ সময় জার্সি গায়ে ও হাতে আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন ভক্তরা।
আয়োজকদের অন্যতম সদস্য বরকতউল্লাহ জানান, ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালেও তারা একই ধরনের ভূরিভোজের আয়োজন করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কেনা হয়েছে। শুধু আর্জেন্টিনার সমর্থকই নন, এলাকার এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, ফুটবল আমাদের কাছে শুধু একটি খেলা নয়; এটি আনন্দ ও সম্প্রীতির উৎসব। তাই সবাইকে নিয়ে এই আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
শুধু পবনাপাড়েই নয়, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকাতেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একই ধরনের ভোজ ও বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এবং পাড়া-মহল্লায় প্রজেক্টর ও ডিজিটাল পর্দা বসিয়ে ফাইনাল ম্যাচ উপভোগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ জানান, কান্দি ইউনিয়নে সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি সেখানে আগত দর্শকদেরও আপ্যায়ন করা হবে।
.png)






