logo

শেরপুরে ভাড়া বাসায় ঝুলছিল এএসআইয়ের মরদেহ

শেরপুরে ভাড়া বাসায় ঝুলছিল এএসআইয়ের মরদেহ

শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে পৌরশহরের গৃর্দা নারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

শাহিনুল ইসলাম জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। শেরপুর সদর থানায় এএসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বাসায় ফেরেন শাহিনুল। বেলা ১১টার দিকে তার স্ত্রী মাকসুদা পারভীন সন্তানকে সঙ্গে নিয়ে জামালপুরের নান্দিনা এলাকায় বাবার বাড়িতে যান। দুপুর ২টার দিকে তার স্ত্রী শাহিনুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া না পেয়ে রাতে স্ত্রী ও তার ভাই জামালপুর থেকে শেরপুরের ভাড়া বাসায় ফিরে আসেন। রাত ১১টার দিকে বাসায় পৌঁছে তারা দেখেন, প্রধান দরজাটি ভেতর থেকে বন্ধ। পরে পেছনের জানালা দিয়ে ভেতরে উঁকি দিলে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শাহিনুলকে ঝুলতে দেখেন। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শাহিনুল প্রায় ৫ মাস ধরে এ থানায় কর্মরত আছেন। বুধবার নাইট ডিউটি শেষ করে বাড়িতে যান। বিয়ের পর থেকে শাহিনুল কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।