আইন সংশোধন হলে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে বগুড়ায়

বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ সংশোধন করে সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার (১২ এপ্রিল) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর বিদ্যমান আইনকে আরও যুগোপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন আইন সংশোধনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলিফ রুদাবা। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহজাহান মিয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩১ মার্চ এ বিষয়ে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আলিফ রুদাবাকে। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম, আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল এবং সদস্যসচিব হিসেবে সিনিয়র সহকারী সচিব নাঈম খন্দকার।
শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে কমিটিকে আট কর্মদিবসের মধ্যে আইন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করে শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। রোববার সেই সময়সীমা শেষ হয়েছে।
সভায় গৃহীত সুপারিশগুলো শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে তা আইন প্রণয়নের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংসদে পাস হলে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার পথ সুগম হবে।