logo

‘বাংলার জয়যাত্রার’ নাবিকরা নিরাপদে আছেন: নৌপরিবহনমন্ত্রী

‘বাংলার জয়যাত্রার’ নাবিকরা নিরাপদে আছেন: নৌপরিবহনমন্ত্রী

‘বাংলার জয়যাত্রার’ নাবিকরা নিরাপদে ও সুস্থ আছেন বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ৩৫ জন নাবিক নিরাপদে দেশে ফিরে আসবেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের এবারের ব্যাচে প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থী সাফল্যের সঙ্গে তাদের কোর্স সম্পন্ন করেছেন।

মন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হয়েছে। ঘাটতির কোনো বাস্তব কারণ নেই। কিছু অসাধু মহল জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে–এমন সুনির্দিষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে।’

জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।’

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি নাবিকদের দক্ষতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে শেখ রবিউল আলম তাদেরকে ‘জাতির মূল্যবান সম্পদ’ হিসেবে অভিহিত করেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন–ভবিষ্যতেও তারা বিশ্বজুড়ে দেশের সুনাম আরও উজ্জ্বল করবেন।

ইরানি নৌবাহিনীর অনুমতি না মেলায় এবারও হরমুজ প্রণালি পার হতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। এর আগে গত ১০ এপ্রিল জাহাজটিকে হরমুজ পার হওয়ার অনুমতি দেয়নি ইরান সরকার।

জানা গেছে, সব বাণিজ্যিক জাহাজের জন্য শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণা করে ইরান। পরে ওইদিন রাতেই সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে নোঙর তুলে হরমুজ প্রণালির দিকে রওনা দেয় বাংলার জয়যাত্রা। গভীর রাতে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছালে ইরানের নৌবাহিনী জাহাজটি থামিয়ে দেয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক জানান, ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পার হতে পারেনি। সেটি আগের অবস্থানে ফিরে যাচ্ছে। তবে চূড়ান্ত ক্লিয়ারেন্স পেলে আজ রাতেই জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করবে।