বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আগামী ১১ দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ১০ মার্চ বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ছুটির বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে আগামী শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কর্তৃক সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী শনিবার (২৮ মার্চ) থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে।
এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, ছুটির এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।