যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা আহত

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও চার বছরের শিশুসন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর ফারুক।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী খাতুন (৩২) ও তাদের চার বছরের ছেলে আবদুর রহমান। আহত ওমর ফারুক যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে ওমর ফারুক স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে দোঁদাড়িয়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সবাই ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ওমর ফারুক। দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে যান।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
