logo

ঝড়ে গাছচাপা পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ঝড়ে গাছচাপা পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীতে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার আত্রাই নদীর তীরবর্তী বেদেপল্লীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম আরাফাতুন (২০)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আকস্মিক দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি শুরু হলে বেদেপল্লীর একটি বিশাল ইউক্যালিপটাস গাছ উপড়ে পড়ে। গাছটি সরাসরি পল্লীর একটি পলিথিনের তৈরি অস্থায়ী ঘরের ওপর পড়ে। ওই সময় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় আরাফাতুন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, খোলা আকাশের নিচে পলিথিনের ঘরে বসবাস করায় ঝড়ের সময় তারা চরম ঝুঁকিতে থাকেন। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি নিহত নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বেদেপল্লীর বাসিন্দাদের খোঁজখবর নেন।

আত্রাই থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।