logo

বাড়ির সামনে ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

বাড়ির সামনে ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাক মালিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া বলেন, শনিবার গভীর রাতে বাড়ি ফেরার কথা ছিল তার বাবার। কিন্তু ভোর হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে বাড়ির সামনের ঘাসের জমিতে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে। তার গলা ও মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।