কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
রোববার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম উপজেলার যুক্তিখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইকরামুল হক (৩৭)। তার বাড়ি সদর দক্ষিণ উপজেলার লালবাগ উত্তরপাড়ায়।
এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক অটোরিকশাচালককে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর অভিযুক্তকে গ্রেপ্তার ও ভুক্তভোগী নারীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১১।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কলাবাগানে ওই নারীকে নিয়ে ধর্ষণ করেন ইকরামুল। পরে কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামের আরেক অটোরিকশাচালক তাকে দেখতে পান এবং ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে ইকরামুল নিজের দোষ স্বীকার করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত আত্মগোপনে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান এশিয়া পোস্টকে বলেন, গ্রেপ্তার ইকরামুলকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি কুমিল্লার লালমাইয়ের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৮ অক্টোবর লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
