চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, কিশোরীর মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কুড়াপাড়া রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুমু ঢাকার দৌলতপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তিনি পাংশার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে নানাবাড়িতে থাকতেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে মুমুকে কুড়াপাড়া রেলগেট এলাকায় বারবার ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বেলা ১১টার দিকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুমুর মা আমেনা বেগম মুঠোফোনে জানান, আমার মেয়ে বিবাহিত। সে নানাবাড়িতে থাকত, আর আমরা ঢাকায় থাকি। সে কেন ট্রেনের সামনে ঝাঁপ দিল, তা আমাদের জানা নেই।
মুমুর স্বামী আকাশ আলী বলেন, সকালে মুমু আমার কাছে মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু আমি কাজে যাওয়ার সময় ফোনটি সঙ্গে নিয়ে যাই। সে কখন বাড়ি থেকে বের হয়েছে তা আমার জানা ছিল না। পরে শুনতে পাই ট্রেনের ধাক্কায় আমার স্ত্রী মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



