logo

কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ

কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশে এক পলাতক ডাকাতকে গ্রেপ্তার করে প্রশংসায় ভাসছেন এক পুলিশ সদস্য। খালি গায়ে লুঙ্গি পরে ফসলের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করেন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার ওই যুবককে ফরিদপুর আদালতে পাঠানো হয়। 

এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাসামদিয়া মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাওছার শেখ (৩৬) ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলা, এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করতেন কাওছার শেখ। পৌর এলাকার একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে কাওছার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশের বেগ পেতে হচ্ছিল। পরে কৃষকের ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতাউর রহমান।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ফসলি মাঠে অবস্থান করছেন কাওছার। পুলিশের পোশাক দেখলে তিনি পালিয়ে যেতেন। এজন্য এএসআই আতাউর রহমান লুঙ্গি পরে খালি গায়ে কৃষকের ছদ্মবেশে কাওছারকে গ্রেপ্তার করেন।