logo

অবৈধভাবে মজুত করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

অবৈধভাবে মজুত করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ নতুনবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি মুদির দোকান থেকে তেলগুলো জব্দ করা হয়। অভিযানকালে দোকানটিতে ২৬টি ড্রামে অবৈধভাবে সংরক্ষিত অবস্থায় জ্বালানি তেল পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বভাগ নতুনবাজারে অবস্থিত ‘সেলিম স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় দোকানের মালিক মো. ফয়সালকে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিমসংকট সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।