logo

থানা থেকে পালানো আসামি গ্রেপ্তার

থানা থেকে পালানো আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে পালিয়ে যাওয়া আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।  এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উচিতপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন ২৯ মার্চ আড়াইহাজার থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি ইসমাঈল (৩০) ৩০ মার্চ বিকেলে থানায় উপস্থিত হয়ে নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি জানতে পেরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

পরে মঙ্গলবার রাতে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল উচিতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি ইসমাঈলকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে দ্রুত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, থানা থেকে আসামি পালানোর ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কারও অবহেলা রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।