পাওনা টাকা চাওয়ায় তিন ভাইকে কুপিয়ে জখম

মাদারীপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন ভাই গুরুতর জখম হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সোবহান চৌকিদার এবং তার দুই ভাই বাচ্চু চৌকিদার ও যাচ্চু চৌকিদার।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোবহান চৌকিদার দীর্ঘদিন ধরে পাওনা টাকা দাবি করে আসছিলেন খোয়াজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল চৌকিদারের কাছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডা চলছিল।
অভিযোগ রয়েছে, এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় সোহেল চৌকিদার তার লোকজন নিয়ে সোবহান চৌকিদারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সোবহানকে রক্ষা করতে এগিয়ে এলে তার দুই ভাইকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিন ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত বাচ্চু চৌকিদারের ছেলে রোমান চৌকিদার জানান, প্রায় এক বছর আগে তাদের লাগানো গাছ কেটে ফেলে অভিযুক্ত সোহেল চৌকিদার ও তার লোকজন। এ ঘটনায় বাধা দিলে তাদের ওপর হামলা হয় এবং পরে বিষয়টি সালিশে গড়ায়। সালিশে অভিযুক্তদের এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হলেও তারা আংশিক পরিশোধ করে বাকি টাকা দেননি। সেই পাওনা টাকা চাইতেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল চৌকিদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।