logo

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন এশিয়া পোস্টের কুমিল্লা সংবাদদাতা

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন এশিয়া পোস্টের কুমিল্লা সংবাদদাতা

বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এশিয়া পোস্টের কুমিল্লা সংবাদদাতা সোহাইবুল ইসলাম সোহাগকে সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (৩ মে) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরায় তার এই অর্জন বলে আয়োজকরা জানান।

সোহাইবুল ইসলাম সোহাগ বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ব ও অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। তিনি সত্য ও ন্যায়ের পথে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সাংবাদিক কল্যাণ পরিষদসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল। 

অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা এবং কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম দুলাল।