logo

বিএনপি হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না: মীর শাহে আলম

বিএনপি হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না: মীর শাহে আলম
কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ার মোকামতলায় কথিত গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। কর্মসূচির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল বিএনপি নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।

লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, লংমার্চ করতে আপনারা যে মহাসড়ক দিয়ে গিয়েছেন, সেই পথে মানুষ তাকিয়েও দেখেনি। লংমার্চের নামে পায়ে হেঁটে যাওয়ার কথা, অথচ আপনারা কয়েকশ গাড়ি নিয়ে গেলেন। তেল-গ্যাস পাচ্ছেন না বলে দাবি করছেন, আবার সেই কর্মসূচিতে লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।

মীর শাহে আলম আরও বলেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ সজাগ ও সচেতন রয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ২০ বছর ধরে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দলটি আন্দোলন চালিয়ে গেছে এবং জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই কোনো হুমকি-ধমকিতে বিএনপি ভীত হবে না।

উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মোকামতলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে কাজ করছে। সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে সব এলাকার মানুষ উন্নয়নের সুফল সমানভাবে ভোগ করতে পারেন।

মশাল মিছিল ও সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।