বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাইয়েরও

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) এবং মেয়ে সাফা আক্তার (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল রিফাত ও সাফা। খেলার একপর্যায়ে সাফা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। ছোট বোনকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
.png)






