logo
Advertisement

রাহেলার রিকশায় প্রশাসক-ইউএনও, শুনলেন সংগ্রামের গল্প

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,বরিশাল
রাহেলার রিকশায় প্রশাসক-ইউএনও, শুনলেন সংগ্রামের গল্প
রিকশার চালকের আসনে রাহেলা, পেছনে বিসিসি প্রশাসক ও ইউএনও। ছবি : এশিয়া পোস্ট

সংসারের খরচ চালাতে প্রতিদিন রিকশা নিয়ে বের হন রাহেলা বেগম। সেই রিকশাতেই এবার যাত্রী হলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ফরিদা সুলতানা। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে নারী রিকশাচালক রাহেলার রিকশায় তাদের এই যাত্রা তৈরি করে ব্যতিক্রমী এক মুহূর্ত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বৃক্ষরোপণ শেষে রাহেলা বেগমের রিকশায় ওঠেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। তার সঙ্গে ছিলেন ইউএনও ফরিদা সুলতানা। পরে তারা কিছুক্ষণ রিকশায় ঘোরেন।

রিকশাভ্রমণ শেষে রাহেলার সঙ্গে কথা বলেন সিটি করপোরেশনের প্রশাসক। এ সময় রাহেলা জানান, তার তিনটি মেয়ে রয়েছে। রিকশা চালিয়েই তিনি সংসারের খরচ চালান এবং নিজের শ্রমে সন্তানদের মানুষ করার চেষ্টা করছেন।

রাহেলার কথা শুনে তাকে উৎসাহ দেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বলেন, কোনো কাজই ছোট নয়। তোমার তিনটি মেয়েকে তোমার মতো সাহসী করবে। আল্লাহ আমাদের জ্ঞান-বুদ্ধি দিয়েছেন, সেই অনুযায়ী কাজ করতে হবে। নিজেদের সাহসী হতে হবে। সাহসই সবকিছু জয় করতে পারে।

পরে রাহেলাকে রিকশাভাড়া দেন প্রশাসক। এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়।

এর আগে, বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বিসিসির প্রশাসক। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে সদর উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সিটি করপোরেশনের বনায়ন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সদস্য মন্টু খানসহ বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় :