logo

ব্যানার চুরি ঠেকাতে সিসি ক্যামেরা লাগাল ছাত্রশিবির 

ব্যানার চুরি ঠেকাতে সিসি ক্যামেরা লাগাল ছাত্রশিবির 

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে জামায়াত ইসলামীর নির্বাচনি প্রচারণার ব্যানার চুরি এবং ছিঁড়ে ফেলা রোধে এবার প্রযুক্তির আশ্রয় নিয়েছে ছাত্রশিবির। মূলত দুষ্কৃতকারীদের শনাক্ত করতে এবং প্রচারসামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যতিক্রমী ব্যবস্থা নিয়েছে তারা।

ব্যানারের ওপর সিসিটিভি ক্যামেরা স্থাপনের এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টিকে বেশ কৌতূহল নিয়ে দেখছেন। অনেকেই মনে করছেন, এটি নির্বাচনি প্রচারণায় অপরাধ দমনে একটি কার্যকর উদাহরণ হতে পারে।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, নির্বাচনি প্রচার শুরুর পর থেকেই রাতের আঁধারে বিভিন্ন স্থান থেকে জামায়াত সমর্থিত প্রার্থীর ব্যানার ও বিলবোর্ড গায়েব হয়ে যাচ্ছে। শুধু ব্যানার চুরিই নয়, নির্বাচনি অফিসে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে তারা জানান।

এ বিষয়ে নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, নির্বাচনি প্রচার শুরুর পর থেকেই আমরা লক্ষ করছি যে, রাতের আঁধারে আমাদের ব্যানার-বিলবোর্ডগুলো গায়েব হয়ে যাচ্ছে। দুষ্কৃতকারীরা এগুলো ছিঁড়ে ফেলছে বা নিয়ে যাচ্ছে। এমনকি আমাদের অফিসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আমরা বারবার প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে তথ্য-প্রমাণ বা ভিডিও ফুটেজ চাওয়ার কারণেই মূলত এই ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, প্রশাসন যখনই আমাদের কাছে প্রমাণ বা ভিডিও ফুটেজ চায়, তখন আমাদের কাছে কোনো ডকুমেন্টস থাকত না। এজন্য সহিংসতা এড়াতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা ক্যামেরা লাগিয়েছি। এতে দুষ্কৃতকারীদের চেনা সহজ হবে ও ব্যানার চুরির ঘটনা বন্ধ হবে।