১৯৬ দেশের নাম মুখস্থ ৪ বছরের শিশু আরাফের

মানচিত্র দেখেই বিশ্বের প্রায় ১৯৬টি দেশের নাম অনর্গল বলতে পারে চার বছরের শিশু আরাফ বিন মাহফুজ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড় এলাকার শিক্ষক পরিবারের ছেলে আরাফ।
শুধু দেশের নাম নয়, এসব দেশ সম্পর্কে অনেক ধারণাও রপ্ত করছে শিশুটি। ভাঙা ভাঙা কণ্ঠে ইংরেজিতে কথাও বলে সে। ভবিষ্যতে আরাফ একদিন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের হয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা পরিবারের সদস্যদের।
জানা গেছে, আরাফের এমন বিস্ময়কর প্রতিভার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন প্রাইমারি স্কুলশিক্ষক দাদা সৈইবুর রহমান। মা গৃহিণী হলেও তার দাদি ও বাবাও স্কুলশিক্ষক। আরাফ এখনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হলেও শিক্ষক দাদার কাছ থেকে রপ্ত করে ফেলেছে প্রায় ১৯৬টি দেশের নাম। এ ছাড়াও দাদার সঙ্গে খেলা করা, গাছ লাগানো, পানি দেওয়া, গাছের যত্ন নেওয়া, চিত্রাঙ্কন করার মধ্য দিয়ে সে শিখে গেছে ইংরেজিতে কথা বলাও।
আরাফের দাদি স্কুলশিক্ষিকা মতিয়ারা বেগম বলেন, ‘চার বছরের একজন শিশুর এমন অভিজ্ঞতা হবে, তা আমার কল্পনাতেও ছিল না। তার এমন প্রতিভাতে আমি খুবই অভিভূত।’
মা তাসরিফা হক বলেন, ‘আরাফ বিশ্বের সব দেশ সম্পর্কে জানতে খুবই আগ্রহী। সে অনেকগুলো দেশের পতাকার নাম জানে, চেনে ও আঁকতেও পারে। এমনকি সে ইংরেজিতেও কথা বলতে পারে ও বোঝে।’
বাবা মাহ্ফুজুর রহমান বলেন, ‘ছোট থেকেই আমার ছেলের শেখার আগ্রহটা খুবই প্রবল। যে কোনো বিষয় নিয়েই সে খুব কৌতূহলী।’ আরাফের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিটি শিশুই হচ্ছে কুইক লার্নার। যদি আমরা শিশুদের একটু সময় দিই, তাহলে তাদের ব্রেইন গ্রোথ ও স্কিল ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয়।’
প্রাইমারি স্কুলশিক্ষক দাদা সৈইবুর রহমান বলেন, ‘এক দিন দেখি আরাফ মানচিত্র নিয়ে বিভিন্ন দেশের পতাকা দেখছে। এতে আমার ইচ্ছে হলো তাকে মানচিত্র সম্পর্কে ধারণা দেওয়ার। এরপর টানা দুইমাসে প্রতিদিন আধাঘণ্টা করে মোট ত্রিশ ঘণ্টাতে তাকে মানচিত্র সম্পর্কে শিখিয়েছি। এখন সে বিশ্বের ২১০টি দেশের মধ্যে ১৯৬টি দেশের নাম মানচিত্র দেখে বলতে পারে এবং ১০০টি দেশের পতাকা আঁকতে পারে।’