logo
Advertisement

বগুড়ায় ব্যাংক কর্মকর্তাকে মারধর: এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় ব্যাংক কর্মকর্তাকে মারধর: এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি
শওকত ইমরান। ছবি: সংগৃহীত

ব্যাংক কর্মকর্তাকে তুলে নিয়ে মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৪ আগস্ট) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে বলা হয়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন এবং সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এর আগে বগুড়ার এক ব্যাংক কর্মকর্তাকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং বিকাশের মাধ্যমে চাঁদা দাবির অভিযোগে শওকত ইমরানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।

এরই মধ্যে সোমবার শওকত ইমরানের ২২ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নিল এনসিপি।

বিষয় :