logo

ওসমানী বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মীকে গুলির ঘটনায় আনসার সদস্যকে অব্যাহতি

ওসমানী বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মীকে গুলির ঘটনায় আনসার সদস্যকে অব্যাহতি
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ইনসেটে আহত পরিচ্ছন্নতাকর্মী। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এশিয়া পোস্টকে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব। তিনি বলেন, ঘটনায় জড়িত আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে এবং বিধিমোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চালু হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা ও পেশাদারিত্ব বজায় রাখাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় নিরাপত্তা বিধি ও সতর্কতামূলক ব্যবস্থা যথাযথভাবে অনুসরণের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হবে।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসারের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হন। আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমেদ। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও তিনি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত আনসার সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে জানা যায়, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রানওয়ে এলাকায় পাখি তাড়ানোর দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য মো. মোজাম্মেল হক (শুটার) এবং বিমানবন্দরের ক্লিনার মো. রুবেল মিয়া একটি গাড়িযোগে রানওয়ের উদ্দেশ্যে রওনা হন। দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে গাড়িতে অবস্থানকালে আনসার সদস্য মো. মোজাম্মেল হক পাখি নিয়ন্ত্রণে ব্যবহৃত এয়ার গানে সীসার কার্তুজ লোড করেন।

পরবর্তীতে গাড়ি থেকে রানওয়েতে নামার সময় এয়ার গানটি লোড অবস্থায় অনাকাঙ্ক্ষিতভাবে গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লাগলে সেটি ফায়ার হয়। এসময় এয়ারগান থেকে নির্গত সীসার কার্তুজটি গাড়ির সিট ভেদ করে সামনের আসনে থাকা বিমানবন্দরের ক্লিনার মো. রুবেল মিয়ার কোমরের বাম পাশে আঘাত করে। বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে।

আনসার বাহিনী আরও জানায়, ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সিলেট জেলা কমান্ড্যান্ট ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। এয়ার গানটি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রানওয়েতে পাখি তাড়ানোর দায়িত্ব পালনের কাজে ব্যবহৃত হয়ে আসছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, এ ঘটনায় জড়িত আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে এবং বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চালু হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা ও পেশাদারিত্ব বজায় রাখাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় নিরাপত্তা বিধি ও সতর্কতামূলক ব্যবস্থা যথাযথভাবে অনুসরণের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হবে।