বরিশালে মসজিদের পাশে মিলল দুটি হাতবোমা

বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদের পাশ থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুলশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদের পাশ থেকে বোমা দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছায়। পরে মসজিদের পাশে একটি পরিত্যক্ত স্থানে পড়ে থাকা দুটি হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, নাশকতা কিংবা এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রেখেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
